নাটোর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের শিকার ৯ বছরের একটি শিশুকে রংপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কোনো পুরুষ দেখলেই শিশুটি ভয়ে আঁতকে উঠে। মুখ ঘুরিয়ে নেয়।
মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি তার পাশে গিয়ে দাঁড়াতেই শিশুটির মা হাসপাতালের বারান্দায় ডেকে নিয়ে বলেন, ধর্ষণের শিকার হওয়ায় আমার মেয়েকে সাতটি সেলাই দিতে হয়েছে। এখন সে পুরুষ দেখলেই ভয় পায়। আপনি এখান থেকে দয়া করে চলে যান।
মা জানালেন, শিশুটি স্থানীয় ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। দেখতে সুন্দর হওয়ায় প্রতিবেশী মনিরুল ইসলাম নামের এক যুবক কিছু দিন আগে তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমরা রাজি হইনি।
গত শনিবার বিকেলে মেয়েটিকে একা পেয়ে মনিরুল পাঁজা কোলে করে পাশের আখ ক্ষেতে নিয়ে যায়। পরে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে ফেলে রেখে যায়। কিছুক্ষণ পর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে।
শিশুটির মা জানান, হাসপাতালের বেডে চারদিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। কারো সঙ্গে সে কথা বলে না। অসহ্য ব্যাথায় মাঝে মাঝেই বালিশে মুখ গুঁজে পড়ে থাকে। যখন ব্যাথা সহ্য করতে পারে না তখন মায়ের হাত ধরে শুধু কাঁদে। কেউ তাকে সান্তনা দিতে পারছে না।
হাসপাতালের একজন চিকিৎসক জানান, ধর্ষণের কারণে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে ভর্তির পরই রাতেই মেয়েটির ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়। সেখানে সাতটি সেলাই দিতে হয়েছে।
চিকিৎসক জানান, মেয়েটি মানসিকভাবেও ভেঙ্গে পড়েছে। তাকে দীর্ঘদিন নিরিবিলি পরিবেশে উন্নত চিকিৎসা দিতে হবে।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুল গণি বলেন, মেয়েটিকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ধরণের রোগী সুস্থ হতে অনেক সময় লাগে। আমরা সাধ্য মতো সবকিছু করছি।
রোববার শিশুটির মা মনিরুলকে আসামি করে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
নলডাঙ্গা থানার ওসি ওবাইদুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পরই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়েছে।
তিনি জানান, জেলা পুলিশ সুপার আগামী চার দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২২০ ঘ.
bdnews24