শেরপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। দুটি কেন্দ্র দখলের চেষ্টা হলে পুলিশ কাঁদানে গ্যাস শেল ও ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে পুলিশের এক কনস্টেবলসহ ২০ জন আহত হয়। ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে একজনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে গাজীরখামার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের ৫ শতাধিক সমর্থক চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা চালায়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
ওদিকে ভোটগ্রহণ শেষে প্রায় দেড় হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজিতখিলা ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা চালায়। পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি ও এক রাউন্ড কাঁদানে গ্যাস শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় সুমন মিয়া (৩০) নামের এক কনস্টেবলসহ ২০ জন আহত হয়। পুলিশ এসব ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে, বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে জাহাঙ্গীর নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, এসব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সদর উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০৩ ঘ.
bdnews24