২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেফ হোমে জিজ্ঞাসাবাদ কামারুজ্জামানকে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামানকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 04:33 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামানকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। সকাল ৯টার দিকে কারা কর্তৃপক্ষ কামারুজ্জামানকে নিয়ে সেফ হোমে যায়। পৌনে ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার পর ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাকে কারাগারে ফেরত পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের সময় পাশের কক্ষে ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসা একজন চিকিৎসক এবং কামারুজ্জামানের আইনজীবী। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালকে ধানমণ্ডিতে বরাদ্দ দেওয়া একটি বাড়ি ব্যবহার করছে তদন্ত সংস্থা, একে সেফ হোম বলা হচ্ছে। তদন্ত সংস্থার আবেদনে গত ১ জুন পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জামায়াত নেতাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। বুধবার জামায়াতের আরেক নেতা আব্দুল কাদের মোল্লাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গত বছরের ১৩ জুলাই কামারুজ্জামান ও কাদেরকে গ্রেপ্তার করা হয়। গত বছরের অক্টোবর মাসে ট্রাইব্যুনালের তদন্ত দল কামারুজ্জামানের এলাকা শেরপুরে যুদ্ধাপরাধ সংঘটনের স্থান পরিদর্শন করে। দলের সদস্য প্রসিকিউটর মোকলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেছিলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এর আগে জামায়াত আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেফ হোমে এক দিন করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭১৪ ঘ.