২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

শরীয়তপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার ডিঙ্গামানিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ঢালীকান্দি গ্রামের বাসিন্দা মোটর সাইকেল আরোহী সবুজ বেপারী (১৮) এবং ডিঙ্গামানিক এলাকার নির্মাণ শ্রমিক আরশেদ আলী (৬০)। এলাকার বাসিন্দা ভুলু দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবুজ বেপারী রোববার সন্ধ্যায় তার বন্ধু সোহেলের সঙ্গে নড়িয়ার ঘড়িসার বাজার থেকে কার্তিকপুর যাচ্ছিল। পথে ডিঙ্গামানিক এলাকার রাম সাধুর বাড়ির কাছে মোটর সাইকেলটি একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নির্মাণ শ্রমিক আরশেদ আলীকে চাপা দেয়। এর আরোহী সবুজ বেপারী ছিটকে পাশের খালে পড়ে নিখোঁজ হয়। গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল চালক সোহেল ও আরশেদকে ঢাকায় পাঠানো হয়। আরশেদ পথেই মারা যান। নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির জানান, সকালে খালে সবুজের লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ আরশেদ ও সবুজের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩০ ঘ.