ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষা ঋতুকে বরণ করে নিতে বর্ষা উৎসব-১৪১৮ এর আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। উৎসবের শিরোণাম- 'আবার এসেছে বর্ষা আকাশ ছুঁয়ে'
আগামী বুধবার বর্ষা ঋতুর প্রথম দিন।
বাংলা ১৪১৮ সনের ১ আষাঢ় অর্থাৎ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত্বরে এই উৎসবের উদ্বোধন করা হবে। মেঘমল্লার রাগ দিয়ে বরণ করা হবে বর্ষাকে।
এ উপলক্ষে সংগঠনটি সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম সুইট সংবাদ সম্মেলনে বলেন, ঋতু উৎসবগুলো বাঙালির প্রাণের উৎসব। এরই ধারাবাহিকতায় আমরা বর্ষাকে বরণ করে নিতে চলেছি।
সুইট জানান, উৎসবে ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৩০০ শিল্পী অংশ নেবেন। গোটা পরিকল্পনায় আবহমান বাংলার বর্ষার নানা লোকাচার যুক্ত হবে।
আবৃত্তি, গান, নৃত্যসহযোগে এই উৎসব সকাল ৭ টায় শুরু হয়ে ৯টা পর্যন্ত এবং পরের দফায় বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক।
উৎসবে শিল্পী, অতিথি এবং শিশুদের মাঝে বনজ, ফলজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
বর্ষা উৎসব-১৪১৮ আয়োজনে সহযোগিতা করছে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলা লিংক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সম্পাদক মন্ডলীর সভাপতি শিশির রহমান এবং সহ-সভাপতি এম এ চৌধূরী শামীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/কেএমএস/১৮০৮ ঘ.
bdnews24