২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গার্মেন্ট কারখানার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

পরিবেশ ছাড়পত্র ছাড়া গাজীপুরের এএনসি নিট কম্পোজিট কারখানার কার্যক্রম পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারকে তা জানাতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্র ছাড়া গাজীপুরের এএনসি নিট কম্পোজিট কারখানার কার্যক্রম পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারকে তা জানাতে বলেছে হাইকোর্ট। একইসঙ্গে গাজীপুরের বানিয়ারচালার ওই নিটওয়্যার কারখানার বয়লার (বাষ্পযন্ত্র) ও জেনারেটর স্থানান্তরের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি রিট আবেদনে সোমবার বিচারপতি এএইচএম শামসু্িদ্দন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। পরিবেশ সচিব, শিল্প সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কারখানার ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া বয়লার ও জেনারেটর স্থানান্তর না করা পর্যন্ত ওই কারখানাকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া থেকে বিরত থাকতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে বেলার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। সরকার পক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। লিটন সাংবাদিকদের বলেন, "ওই নিটওয়্যার কারখানাটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই জেনারেটর ও বয়লার ব্যবহার করছে। ফলে কারখানার বায়ু ও শব্দ দূষণে পাশেই অবস্থিত মহিলা আইনজীবী সমিতির আশ্রয়কেন্দ্রের প্রতিবন্ধী শিশুরা এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।" ওই কারখানার কার্যক্রম পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার বেলা এই রিট আবেদন করে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৬৫৬ ঘ.