ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হরতালকারীদের সাজা দেওয়ার বিষয়ে মন্তব্যের আগে এ সংক্রান্ত আইন দেখতে নাম উল্লেখ না করে ব্যারিস্টার রফিক-উল হককে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বিএনপি-জামায়াতের ৩৬ ঘণ্টার হরতালে পিকেটিংয়ের সময় গ্রেপ্তারের পাশাপাশি এবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজাও দেওয়া হচ্ছে।
এর সমালোচনা করে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক রোববার সাংবাদিকদের বলেন, "কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে দণ্ড দেয়া সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর এ ধরনের শাস্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই।"
ব্যারিস্টার রফিকের এ মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে অ্যাডভোকেট সাহারা সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আইন অনুযায়ীই কাজ করছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট নিয়ে যারা মন্তব্য করছেন, তাদের আইন দেখে মন্তব্য করা উচিৎ।"
ভ্রাম্যমাণ আদালত আইন সংসদে পাস হওয়া আইন, বলেন তিনি।
হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পিকেটারদের সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছে বিএনপি। এর পাশাপাশি রাজনৈতিকভাবেও তা মোকাবেলার কথা জানিয়েছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সাংবাদিকদের বলেন, "বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি ও সাজা দেওয়ার জন্য সরকার এ কৌশল অবলম্বন করেছে।"
তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গাড়ি ভাংচুর ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধেই কেবল ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিচ্ছে। অন্য কাউকে হয়রানি করা হচ্ছে না।
হরতালের সময় রোববার সারাদেশে অর্ধশতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন-সালিশ কেন্দ্রও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪২৭ ঘ.
bdnews24