২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তাঁতশিল্প মেলায় সংঘর্ষ, আহত ৩০

ঢাকার সাভারে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলায় দুই পক্ষের সংর্ঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 05:40 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

সাভার, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলায় দুই পক্ষের সংর্ঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। রোববার রাতে সাভার কলেজ মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আতঙ্কিত দর্শনার্থীরা মেলা থেকে বেরিয়ে যান। এ সময় বেশ কিছু স্টলের টেবিল-চেয়ার ভাংচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে আবুল হোসেন, রফিকুল ইসলাম, রুবি আক্তার, ফারুক হোসেন, নজরুল ইসলাম, আবুল কাশেম, মাহবুব ও নাজিম উদ্দিনকে থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মেলায় জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় লাঠির আঘাতে সাধারণ দর্শনার্থীরাও জখম হয়। এর পরপরই মেলার আয়োজকরা মাঠ থেকে সরে পড়েন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলায় সংঘর্ষের খবর পেয়ে আমরা কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সংঘর্ষ চলাকালে বেশ কিছু স্টলে চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে।" তবে কী কারণে এ সংঘর্ষ হয়েছে তা জানেন না বলে দাবি করেছেন তিনি। সংঘর্ষের সময় আহত গার্মেন্ট কর্মী রুবি আক্তার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের বলেন, "মেলায় ঘুরতে এসেছিলাম। হঠাৎ মারামারির মধ্যে পড়ে যাই। এরমধ্যে কে যেন আমার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। ওই ব্যাগে আমার বেতনের পুরো টাকা ছিল।" এ বিষয়ে মেলার আয়োজক মাহবুবুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি হামলা-ভাংচুরের ঘটনার স্বীকার করেন। তবে জুয়ার টাকা ভাগাভাগির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন তিনি। উপ পরিদর্শক আবুল হোসেন বলেন, "এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩১৭ ঘ.