পটুয়াখালী, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট দিতে লাইনে অপেক্ষারত ভোটারদের পান খেতে টাকা দেওয়ায় রিপন চন্দ্র সাহা নামে গলাচিপা পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় নির্বাচন চলছে। রিপন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের পান খাওয়ার কথা বলে রিপন নিজেই টাকা বিতরণ করছিলেন। এ জন্য তাকে হাতেনাতে ধরে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রিপন সাহা জানান, তিনি কেন্দ্রে এলে লাইনের ভোটাররা তার কাছে পান খেতে চায়। এ সময় তিনি পান খেতে প্রতিজনকে ১০ টাকা করে দিচ্ছিলেন।
রিটানিং কর্মকর্তা ও পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ আলম সরদার জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৬ নম্বর কেন্দ্রের সামনে থেকে দুজন এবং ২ নম্বর কেন্দ্রের সামনে থেকে এক জনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৩৫ ঘ.
bdnews24