জামালপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় নির্বাচন কর্মকর্তা ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার রাতে উপজেলার গোয়ালের চর ইউনিয়নে ভোটগণনা শেষে রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এ ইউনিয়নে পরাজিত দুই চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম ও আনোয়ার হোসেনের সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছে উপ-পরিদর্শক (এসআই) শাহনেয়াজ ও সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুর রৌফ। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ আব্দুল সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে গোয়ালের চর ইউপিতে ফল ঘোষণা শেষে ফেরার সময় পথে হামলা চালায় পরাজিতদের সমর্থকরা।
এ সময় হামলাকারীরা পুলিশ ও নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হামলায় আহত হয় দুই এসআই, সাত কনস্টেবলসহ কমপক্ষে ২০ জন।
জামালপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, হামলাকারীরা পুলিশকে নির্যাতন করেছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৩১ ঘ.
bdnews24