ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে নাশকতা সৃষ্টির যে কোনো পরিকল্পনার বিষয়ে বিরোধী দলকে সতর্ক করেছেন পুলিশপ্রধান হাসান মাহমুদ খোন্দকার।
বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৬ ঘণ্টা হরতালের আগের দিন শনিবার রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, হরতালে নাশকতা সৃষ্টির যে কোনো চেষ্টা পুলিশ কঠোরভাবে প্রতিহত করবে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন দিনব্যাপী হরতালের পর এবার রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। এটি বর্তমান সরকার আমলে তাদের ষষ্ঠ হরতাল।
৫ জুনের হরতালের আগের দিন ঢাকায়অন্তত ১১টি গাড়িতে আগুন দেওয়া হলেও সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন পুলিশ মহাপরিদর্শক।
তিনি বলেন, এক্ষেত্রে গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি ছিলো না। বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে গাড়ি পোড়ানো হয়েছে।
হরতালে মানুষের নিরাপত্তা রক্ষায় পুলিশ বরাবরের মতোই মাঠে সক্রিয় থাকবে বলে আইজিপি জানান।
পুলিশের স্বাধীনতা পুরস্কার পাওয়া উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে অংশ নেন হাসান মাহমুদ। ওই অনুষ্ঠানেই হরতাল নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৪০ ঘ.
bdnews24