২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর সড়ক অবরোধ রংপুরে

রংপুর শহরতলীতে ট্রাকচাপায় দুজনের মৃত্যুর পর জনতার অবরোধে ঢাকা-রংপুর সড়কে গাড়ি চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

রংপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরতলীতে ট্রাকচাপায় দুজনের মৃত্যুর পর জনতার অবরোধে ঢাকা-রংপুর সড়কে গাড়ি চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিলো। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর ধর্মদাস সর্দ্দার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এর পরপরই জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে জনতা অবরোধ তুলে নিলে সকাল ৯টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে মহাসড়ক পুলিশের রংপুর ফাঁড়ির উপপরিদর্শক দারুল হুদা জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতরা একটি টেম্পুতে ছিলেন। তাদের এক জনের নাম জানা গেছে। তিনি হলেন মিঠাপুকুর উপজেলার পায়রাবতি কৃষ্টপুর গ্রামের আজিম উদ্দিন (৪৫)। দুর্ঘটনায় টেম্পু আরোহী আরো চার জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কর্মকর্তা হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর থেকে মিঠাপুকুরগামী একটি টেম্পুকে সর্দ্দার পাড়া এলাকায় একটি ট্রাক চাপা দেয়। এতে টেম্পুযাত্রী আজিম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় চালকসহ পাঁচ জন। হাসপাতালে নেওয়ার পথে আহত অন্য একজনও মারা যায় বলে জানান হুদা। পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি। নিহত আজিম উদ্দিনের মেয়ে আরজিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা টেম্পুতে করে মিঠাপুকুর যাচ্ছিলেন। ট্রাকটি পেছন থেকে টেম্পুকে চাপা দেয়। "পুলিশ ইচ্ছে করলেই ট্রাকটি ধরতে পারতো", বলেন তিনি। পুলিশ কর্মকর্তা হুদা বলেন, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৬ ঘ.