বরিশাল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের নিচে চাপা পড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় পলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম (৭) নগরীর পলাশপুর এলাকার রিক্সা চালক মামুন মিয়ার ছেলে। সে স্থানীয় দলিলউদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়তো।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাসটি বাসার সামনে দাঁড়িয়ে থাকা নাঈমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসের চালক মামুনকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে বলে জানান তিনি।
কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য নাঈমের মৃতদেহ মর্গে পাঠানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২৩৫৫ ঘ.
bdnews24