ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী 'ব্রেক দ্য সার্কেল'।
আটটি বিদেশি বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ৬৫জন শিক্ষার্থীর তোলা ১০৫টি আলোকচিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। ইসালামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ফটোগ্রাফিক সোসাইটি এর আয়োজন করেছে।
প্রদর্শনী শেষে প্রকৃতি (ন্যাচার), জড় জীবন (স্টিল লাইফ), প্রতিকৃতি (পোট্রেইট), দৈনন্দিন জীবন (লাইফ স্টাইল) ও গতি (অ্যাকশন)- এই পাঁচ বিভাগে সেরা আলোকচিত্রের জন্য পুরস্কার দেবে আইইউটি ফটোগ্রাফিক সোসাইটি।
আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
এই প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করছে মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান এয়ারটেল। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, রেডিও টুডে ও স্টার ক্যাম্পাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২১১২ ঘ.
bdnews24