চাঁদপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুটি ইউনিয়নে নির্বাচন শেষে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে প্রিসাইডিং অফিসার, পুলিশ, আনসার সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। র্যাব ১২ জনকে আটক করেছে।
হামলায় আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ সালাহউদ্দিন চাঁদপুর সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে রাত ৮টার দিকে পুলিশ ব্যালট বাক্স গাড়িতে উঠানোর প্রস্তুতি নেয়।
এ সময় চেয়ারম্যান প্রার্থী মো. কায়েম পারভেজ লাভলুর সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ এ সময় বাঁধা দিতে গেলে লাভলুর উপস্থিতিতে তার সমর্থকরা নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। এতে ৩০ জন আহত হয়।
এসআই বলেন, কেন্দ্রে ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার মনির চৌধুরী ফলাফল শিটে সিল না দিয়ে ব্যালট বাক্স গাড়িতে উঠানোয় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা এই হামলায় চালায়।
আহতদের মধ্যে সহকারী প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ সালাহউদ্দিন, আবদুল ওহাব, কনস্টেবল হারুনুর রশিদ, পুলিশের গাড়ি চালক দুলাল, আনসার সদস্য দুলাল মিয়া, সমর্থক হাবিবুর রহমান ও মো. জাহাঙ্গীর আলম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং প্রিসাইডিং অফিসার মনির চৌধুরী ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, র্যাব সদস্যরা রাত ১১টার দিকে ব্যালট বাক্স উদ্ধার করেছে। এসব বাক্স ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে ভোট গণনা শেষে রাতে পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর ভোট কেন্দ্রে দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষই গাজীপুর বাজারে ব্যাপক তাণ্ডব চালায়। রাত ৯টার দিকে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ২০ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
র্যাব-১১ চাঁদপুরের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, গাজীপুর কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা করেছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ও র্যাব সদস্যরা হামলার শিকার হয়েছে। হামলাকারীরা সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩৫৬ ঘ.
bdnews24