চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব উপস্থাপন শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা আগেই বৃহস্পতিবার বন্দর নগরীতে বাজেটের পক্ষে-বিপক্ষে মিছিল ও সমাবেশ করেছে নগর আওয়ামী লীগ এবং নগর বিএনপি।
এদিন সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৩২৩ কোটি টাকা। সামাগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ।
বিকাল ৫ টায় নগরীর দারুল ফজল মার্কেট প্রাঙ্গনে দলীয় কার্যালয়ের সামনে নগর আওয়ামী লীগ প্রস্তাবিত বাজেটকে 'গণমুখী' অভিহিত করে তাৎক্ষণিক সমাবেশের আয়োজন করে।
সন্ধ্যা ৬টায় বাজেট প্রত্যাখান করে সমাবেশ করে নগর বিএনপি।
নগর আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বাজেট অধিবেশন শেষ হওয়ার আগেই সমাবেশ করার বিষয়ে নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারের বাজেটে দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়ন ও কৃষি খাতের উন্নয়নের লক্ষে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গণমুখী বাজেট প্রণয়ন করায় সরকারকে অভিনন্দন জানিয়েছি।'
সমাবেশ শেষে একটি মিছিল বের করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশকে আত্মনির্ভরশীল করতে বাজেটে বিভিন্ন গণমুখী পদক্ষেপ নিয়েছেন।
এদিকে প্রায় কাছাকাছি সময়ে নগরীর নুর আহম্মদ সড়কে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে 'বাজেট বিরোধী' সমাবেশ করে নগর বিএনপি। সমাবেশ শেষে বাজেট প্রত্যাখান করে একটি মিছিল বের করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন।
শাহদাত হোসেন বলেন, প্রস্তাবিত বাজেটে গরিব মানুষের অর্থনৈতিক মুক্তির কোনো দিক-নির্দেশনা নেই। এ বাজেট গণমুখী নয়।
বাষিক উন্নয়ন কর্মসূচিতে বিশাল অংকের বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, কাবিখা, টি.আর ও কর্মসৃজন প্রকল্পের নামে প্রস্তাবিত বাজেটে সরকার দলীয় লোকজনের 'লুটপাটের' বন্দোবস্ত করা হয়েছে।
আগামী অর্থবছরে বাজেটে এডিপিতে ৪৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ছিলো ৩৮ হাজার কোটি টাকা। বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় পরে তা কাটছাঁট করে ৩৫ হাজার ১৩০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/০০১৭ ঘ.
bdnews24