সিলেট, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সদর উপজেলার নোয়াগাঁও গ্রামবাসীর হাতে ধরা পড়া একটি মেছোবাঘকে খাদিমনগরে সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার রাতে বাঘটি নোয়াগাঁও গ্রামে একটি হাঁসের খামারে ধরা পড়ে।
প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাঘটিকে বৃহস্পতিবার বনে ছেড়ে দেওয়া হয়।
গ্রামবাসীর বরাত দিয়ে সিলেট বন বিভাগ জানায়, বাঘটি নোয়াগাঁও গ্রামে ওই খামারে দুই দফা হানা দিয়ে ১৪০টি হাঁস খেয়ে ফেলে।
একসঙ্গে এতগুলো হাঁস সাবাড় হওয়ায় খামার মালিক ও এলাকাবাসী ধারণা করেন এটি মেছোবাঘ। তারা কৌশল খাটিয়ে বুধবার রাতে বাঘটিকে জ্যান্ত ধরতে সক্ষম হন।
বৃহস্পতিবার বিকালে গ্রামবাসী শেকলবন্দি বাঘটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করে। পরে বাঘটিকে বনে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগের কর্মকর্তা পরিমল চন্দ্র পাল জানান, মেছোবাঘ সাধারণত তিন থেকে চার ফুট দৈর্ঘ্যরে হয়। কিন্তু এটি প্রায় সাড়ে চার ফুট। এ রকম আকৃতির মেছোবাঘ সচরাচর দেখা যায় না।
তিনি বলেন, মারধর করায় বাঘটির মুখে কিছু জখম পাওয়া গেছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সন্ধ্যায় সিলেটের খাদিমনগরে সংরক্ষিত বনে এটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫২ ঘ.
bdnews24