ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে 'গণমুখী' অভিহিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, এর সফলতা নির্ভর করবে যথাযথ বাস্তবায়নের ওপর।
ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান মনে করেন, এ বাজেটে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক লাখ ৬৩ হাজার পাঁচশ ৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এরশাদ বলেন, ১৬ কোটি মানুষের দেশে এক লাখ ৬৩ হাজার কোটি টাকার বাজেট কল্পনাবিলাসী নয়। আমাদের চাহিদা সীমাহীন কিন্তু সমাধানের পথ সংকীর্ণ। এই বাস্তবতার মধ্যে বাজেট পেশ করা কঠিন কাজ।
তিনি জানান, দেশকে মধ্যম আয়ের দেশ পরিণত করতে মানব সম্পদ উন্নয়ন, বিদ্যুৎ খাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, দরিদ্র জনগণের জন্য নিরাপত্তা বেষ্টনি তৈরি এবং গ্রামীণ উন্নয়নের জন্য কৃষিখাতকে অধিকতর উৎপাদনশীল করতে প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পদ্মাসেতুসহ অবকাঠামোগত উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।
এরশাদের মতে, গত অর্থবছরে (২০১০-১১) মূল্যস্ফীতি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। ২০১১-১২ অর্থবছরে এই ক্ষেত্রে মহাজোট সফল হতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪২ ঘ.
bdnews24