চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদী দূষণের দায়ে তেল পরিশোধন কারখানা ও পেপার মিলকে অর্ধকোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বর্জ্য পরিশোধনাগার ও পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা এবং নদী দূষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী নগরীর কালুরঘাট ভারি শিল্প এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন। কারখানা দুটির কোনটিরই বর্জ্য পরিশোধনাগার নেই।
এস এ গ্র"পের মালিকানাধীন এস এ অয়েল রিফাইনারিকে ৩০ লাখ এবং মির পাল্প অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পেপার মিলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এটি সিলগালা করে দেওয়া হয়।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা দুটি থেকে দূষিত তরল বর্জ্য নালার মাধ্যমে স্থানীয় খালে ফেলা হচ্ছে, যা অদূরে অবস্থিত কর্ণফুলী ও হালদা নদীর পানিতে গিয়ে দূষণ ঘটাচ্ছে।
শিল্প বর্জ্যরে দূষিত পানি জোয়ারের মাধ্যমে কর্ণফুলী ও হালদা নদীতে প্রবেশ করায় মৎস্য সম্পদসহ জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য খুবই বিপজ্জনক বলে জানান মুনীর।
তিনি আরো জানান, এস এ অয়েলে দৈনিক ৩০০ মেট্রিক টন সয়াবিল তেল পরিশোধন এবং মির পেপার মিলে দৈনিক ৫ মেট্রিক টন লেখার সাদা কাগজ উৎপাদন হয়।
কারখানা দুটিকে অবিলম্বে বর্জ্য পরিশোধনাগার বসানোর নির্দেশ দেওয়া হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৪৮ ঘ.
bdnews24