২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে একটি সোয়েটার কারখানায় শ্রমিক বিক্ষোভ

সরকার নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার দাবিতে সাভারে একটি সোয়েটার কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় হাতাহাতি ও ভাংচুর হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

সাভার, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার দাবিতে সাভারে একটি সোয়েটার কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় হাতাহাতি ও ভাংচুর হয়। বৃহস্পতিবার সাভারের কলমা এলাকার 'হট ড্রেস লিমিটেড' নামের কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও কারখানায় ভাংচুরের ঘটনা ঘটে। সরকার নির্ধারিত সব পাওনা প্রদান, বিকাল ৫টার পর জোর করে কাজ না করানো, কাজ করালে ঘণ্টায় ৩০ টাকা করে ওভারটাইম মজুরি, নিয়ম অনুযায়ী মূল বেতন (বেসিক) ও ছুটি প্রদানসহ ১৪ দফা দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শ্রমিকরা কারখানায় এসে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়ানোসহ ১৪ দফা দাবি তুলে ধরে। কর্তৃপক্ষ এই দাবি আমলে না নেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা কারখানার দুই কর্মকর্তাকে মারধর এবং আসবাবপত্র, জানালা-দরজার কাঁচ ও জেনারেটর কক্ষ ভাংচুর করে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। কারখানার উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তিনি জানান, পরিস্থিতি শান্ত রাখতে বৃহস্পতিবার ও শনিবার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিক পক্ষ, বিজিএমইএ ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা রোববার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৮০৪ ঘ.