২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়কের বিকল্প ঠিক করতে হবে সমঝোতায়: মরিয়ার্টি

যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিকল্প সমঝোতার মধ্য দিয়ে ঠিক করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিকল্প সমঝোতার মধ্য দিয়ে ঠিক করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাপের এক মতবিনিময় সভায় মরিয়ার্টি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন হতে পারে। ভারতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই হয়। তবে সেখানে শক্তিশালী নির্বাচন কমিশন রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিপল্প কোনো 'ফর্মুলা' যুক্তরাষ্ট্র দেবে না জানিয়ে তিনি বলেন, এর বিকল্প সমঝোতার মধ্য দিয়ে ঠিক করতে হবে। জনগণ ও রাজনৈতিক দলগুলো তা ঠিক করবে। বর্তমান সরকার সংবিধানের পরিবর্তনের প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে। এর বিরোধিতা করছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পেছনে যুক্তরাষ্ট্র ছিলো না বলে জানান মরিয়ার্টি। তিনি বলেন, "অনেকেই মনে করেন, ওয়ান-ইলেভেনের পেছনে যুক্তরাষ্ট্র ছিলো, আমি তা প্রত্যাখ্যান করছি। আমাদের তখনকার রাষ্ট্রদূতও এ কথা শুনে (যুক্তরাষ্ট্রের হাত ছিলো) অবাক হয়েছিলেন।" যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্রের পক্ষে বলে জানান রাষ্ট্রদূত। রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। মনে করা হয়, কূটনীতিকদের সমর্থন ও সেনাবাহিনীর মদদে এরপর ক্ষমতায় বসে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার, যারা দুই বছর দেশ শাসন করেছিলো। গ্রামীণ ব্যাংকের বিষয়ে মরিয়ার্টি বলেন, "আমরা দেখতে চাই গ্রামীণ ব্যাংক স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কার্যকরভাবে চলছে। গভর্নমেন্ট বলছে, তারা এটা মেইনটেইন করবে, দ্যাটস গুড।" কয়েক মাস আগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে সরকার অপসারণ করলে তা নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। যুক্তরাষ্ট্রও এ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলো। বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পর্যায়ে আলোচনার পরামর্শ দেন মরিয়ার্টি। তিনি বলেন, কোটামুক্ত রপ্তানির সুবিধার বিষয়ে নির্বাহীরা সিদ্ধান্ত নেয় না, নেয় কংগ্রেস। তাই তাদের (কংগ্রেস সদস্য) সঙ্গে আলোচনা করে সুবিধাগুলো আদায় করতে হবে। এ প্রসঙ্গে মরিয়ার্টি বলেন, বাংলাদেশ যে শুল্ক দেয়, তা চীন ও ভারতও দেয়। সুতরাং এক্ষেত্রে বাংলাদেশ বৈষম্যের স্বীকার হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৩২০ ঘ.