খাগড়াছড়ি, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতকরা ৩০ ভাগ পাহাড়ি ভাতার দাবিতে তিন পার্বত্য জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।
বৃহত্তর পার্বত্য জেলায় শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের ডাকে বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হয়।
খাগড়াছড়ির আটটি উপজেলায় বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার ৫ হাজার শিক্ষক-কর্মচারী ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন। এ দাবিতে বুধবার আধাবেলা কর্মবিরতি পালন করেন তারা।
খাগড়াছড়ি সদরে এ পি ব্যাটালিয়ন হাই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক মো. ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করা একান্ত দরকার। তা না হলে শিক্ষকরা তাদের দাবি আদায়ের আন্দোলন দীর্ঘদিন করবে। এতে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি হবে।"
বৃহত্তর পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ খাগড়াছড়ি জেলার সমন্বয়কারী অজিত বরণ চাকমা বলেন, আগামী সপ্তাহে কেন্দ্রীয়ভাবে সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, সরকার দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ২৬ মে পাহাড়ী ভাতার দাবিতে প্রত্যেক জেলা শহরে মানববন্ধন কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ করে বৃহত্তর পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫২ ঘ.
bdnews24