নারায়ণগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে প্রচারণাকালে হামলায় চার ছাত্রনেতা আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে এ হামলা হয়।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা আগামী ২০ জুনের হরতালের সমর্থনে এ প্রচারণা চালানো হচ্ছিল।
আহতরা হলেন- ছাত্রফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী, সদস্য জয়ন্ত সাহা, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি তরিকুল সুজন ও সদস্য বাপ্পী।
তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, হামলার প্রতিবাদে বিকাল ৫টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মৈত্রী ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- রফিকুল ইসলাম বাপ্পী, মশিউর রহমান রিচার্ড প্রমুখ।
বক্তারা বলেন, বেলা ১১টায় ২০ জুনের হরতালের সমর্থনে তোলারাম কলেজে প্রগতিশীল ছাত্রজোটের কর্মীরা প্রচারণা শুরু করলে ২০/২৫ জন ছাত্র চার ছাত্রনেতাকে ধরে কমনরুমে দুইঘণ্টা আটকে রেখে প্রচ- মারধর করে।
খবর পেয়ে অন্য ছাত্ররা এগিয়ে গেলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেন, প্রশাসনের নীরবতার কারণে পরিবহন মালিকদের কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। যাত্রীদের প্রতি তাদের জুলুম অত্যাচার বেড়ে গেছে। তারা উৎসাহিত হচ্ছে।
প্রশাসনের নীরবতার কারণেই ছাত্রদের উপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি আকতার হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24