২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অননুমোদিত আবাসন কোম্পানির বিলবোর্ড অপসারণের নির্দেশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রির সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রির সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাঁচটি বেসরকারি সংস্থার রিট আবেদনে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেয়। পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) ২০১০ সালের জুলাই মাসে ওই রিট আবেদন করে। হাইকোর্টের আদেশে বলা হয়, বিলবোর্ড অপসারণের এই আদেশের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া যেসব আবাসন কম্পানি অবৈধভাবে মাটি ভরাট কার্যক্রম অব্যাহত রেখেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছে আদালত। রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট ইকবাল কবির লিটন শুনানিতে বলেন, অনুমোদনহীন আবাসন প্রকল্পের প্লট বা ফ্ল্যাট বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করা যায় না। বন্যাপ্রবণ এলাকা ও জলাধার ভরাট করাও বৈধ নয়। "এসব কাজ ঢাকা শহরের মাস্টার প্ল্যান, নগর উন্নয়ন আইন-১৯৫৩, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭, মহানগর, বিভাগ, জেলা শহর ও পৌর এলাকায় অবস্থিত খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ এর সঙ্গে সাংঘর্ষিক।" এসব অপরাধের ক্ষেত্রে শাস্তির বিধান থাকলেও বেসরকারি আবাসিক কোম্পানিগুলো তা মানছে না বলেও মন্তব্য করেন লিটন। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/২০১৬ ঘ.