২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১২ লাখ টাকাসহ ৫ চোর গ্রেপ্তার

চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি যাওয়া ১২ লাখ ১০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বদিউল হক ওরফে নাছির (৩৭), বিপ্লব দাশ (৩২), মো. জামাল (৩৫), মো. আলমগীর (৩৮) ও আবদুল আজিজ (৩২)। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কমিশনার মোহাম্মদ আবুল কাশেম এ তথ্য জানান। তিনি জানান, নগরীর জিইসি ও অলংকার মোড় এবং লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে সোম ও মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের টাকাসহ গ্রেপ্তার করা হয়। গত ৩১ মে রাতে নগরীর গোলপাহাড় মোড়ে অবস্থিত রিয়েল এস্টেট কোম্পানি মিশম্যাক ডেভেলপমেন্ট লিমিটেডের সপ্তম তলায় কার্যালয় থেকে নগদ সাড়ে ২৩ লাখ টাকা চুরি হয়। অভিযানে চট্টগ্রাম হাটহাজারী সার্কেলের এএসপি বাবুল আক্তার, কেতায়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ ও এসআই নেজাম উদ্দিন এবং গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ মোহসিন অংশ নেন। এসআই সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে নগরীর জিইসি মোড় থেকে আজিজকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অলংকার মোড় এবং লোহাগাড়া থেকে গ্রেপ্তার করা হয় বাকিদের। পরে তাদের বিভিন্ন জনের বাড়িতে অভিযান চালিয়ে মোট ১২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও উদ্ধার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৩৬ ঘ.