ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী দায়িত্ব পালনকালে বুধবার গাড়ি উল্টে বান্দরবানের লামায় পাঁচ বিজিবি সদস্য ও শরীয়তপুরের সদর উপজেলায় নসিমন উল্টে ১৪ আনসার সদস্য আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
বান্দরবান : লামা উপজেলায় ইউপি নির্বাচনের কাজে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্ট্রাইকিং ফোর্সের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে পাঁচ বিজিবি সদস্য, গাড়িচালক ও তার সহকারী আহত হয়েছে।
এদের মধ্যে দুই বিজিবি সদস্য ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সেনাবাহিনীর আলীকদম সদর জোনের হাসপাতালে পাঠানো হয়েছে বলে লামা সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার সকাল ১১টার দিকে নির্বাচনী টহল দেওয়ার সময় গাড়িটি বান্দরবানের লামা-গজালিয়া ডিসি রোড এলাকায় দুর্ঘটনায় পড়ে বলে স্থানীয়রা জানায়।
গাড়িটি রিকুইজিশন করা ছিলো।
লামা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান সাংবাদিকদের জানান, আহতরা হলো- বিজিবি'র হাবিলদার শহিদুল ইসলাম, ল্যান্সনায়েক শিব কুমার, সৈনিক ইব্রাহিম, সৈনিক সাহাবু্িদ্দন ও সৈনিক হানিফ। জিপ গাড়ির চালকের নাম মো. সমীর, তার সহকারী হলেন জাফর আলম।
তিনি জানান, গুরুতর আহত শহীদুল, শিব কুমার ও জাফরকে সেনাবাহিনীর আলীকদম সদর জোন হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার লামা উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।
শরীয়তপুর : জেলা সদর থেকে শৌলপাড়া ইউনিয়নে নির্বাচনী কাজে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে একটি নসিমন উল্টে ১৪ আনসার সদস্য আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের চিকিৎসকরা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে ১৪ জন আনসার একটি নসিমন ভাড়া করে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৮ নম্বর সারেংগা সামাদ মাদবরকান্দি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রওয়ানা দেয়।
ফায়ার সার্ভিস কার্যালয়ের একটি রিকশাকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮২০ ঘ.
bdnews24