২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম দিয়ে প্রলুব্ধের অভিযোগে ইডেন থেকে আটক ৪

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের 'প্রলুব্ধ' করার অভিযোগে রাজধানীর ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় থেকে চারজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের 'প্রলুব্ধ' করার অভিযোগে রাজধানীর ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় থেকে চারজনকে আটক করেছে র‌্যাব। সাধারণ শিক্ষার্থীরা খবর দিলে বুধবার দুপুর ৩টার দিকে র‌্যাব কলেজে গিয়ে ওই চার জনকে আটক করে। র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের মেজর হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ জানায়, এরা চার জন ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে প্রলুব্ধ করছিলো।" আটক চার জনের মধ্যে একজন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী, দুইজন মাস্টার্স পরীক্ষা শেষ করেছেন এবং অন্যজন গৃহিণী। তাদের কাছ থেকে দুটি ডায়েরি উদ্ধার করা হয়েছে জানিয়ে হারুন বলেন, "ডায়েরিতে ইসলাম সম্পর্কে বেশ কিছু কথা লেখা রয়েছে। তবে পুরো বিষয়টি এখনো তদন্তাধীন।" তারা কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি-না তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এই র‌্যাব কর্তকর্তা। বিষয়টি সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই চার জনের নাম প্রকাশ না করারও অনুরোধ জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/১৭২৭ ঘ.