২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সংঘাতে আহত ২ যুবকের মৃত্যু

টাঙ্গাইল ও নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আহত দুই যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আহত দুই যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার, অন্যজন নরসিংদীর বেলাব থানার। উভয়েই মঙ্গলবার রাতে আহত হয় এবং বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- টাঙ্গাইল : ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটলে নির্বাচনোত্তর সংঘর্ষে আহত সন্দেশ আলী (২৮) বুধবার সকালে টাঙ্গাইল হাসপাতালে মারা গেছেন। গত শনিবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভূঞাপুর থানার ওসি ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেঘারপটল এলাকায় নির্বাচনের পর থেকেই বিজয়ী সদস্য আবুল কালাম আজাদ ও পরাজিত শুকুর মাহমুদের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ প্রেক্ষিতে মঙ্গলবার এলাকায় উভয় পক্ষ সমঝোতার বৈঠক বসে। কিন্তু কোনো প্রকার সমঝোতা না হওয়ায় সেখানে দু'পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়। রাতেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। নরসিংদী : নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত বেলাব থানার সোহেল মিয়া (১৮) বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বেলাব থানার ওসি মেজবাহ উদ্দিন খাঁন জানান, সোমবার গভীর রাতে বিন্নাবাইদ ইউনিয়নের চরফায়েদ বাজারে চেয়ারম্যান প্রার্থী রতন মিয়ার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ অহিদুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারের একটি গলিতে দাঁড়িয়ে থাকা সোহেল মিয়াকে (১৮) মাথায় লাঠি দিয়ে আঘাত করে অহিদুজ্জামান ভূঁইয়ার সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যায়। এ ব্যাপারে বেলাব থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি। নিহত সোহেল মিয়া বেলাব উপজেলার চরফায়েদ গ্রামের বাসিন্দা। হবিগঞ্জ : জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে বুধবার দুপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী আলী আমজদ তালুকদারের সমর্থক দুলুক মিয়া ও চেয়ারম্যান প্রার্থী নলিউর রহমানের সমর্থক মোতাহের মিয়ার মাঝে নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হয়। এই দু'জনের কথা কাটাকাটির সূত্র ধরে এক পর্যায়ে গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে তোতা মিয়া (৪৫), মিয়াধন মিয়া (৫৫), আলী নূর মিয়া (৪০), ইছহাক মিয়া (৩৫), জিলু মিয়া (২৫)সহ অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ যাওয়ার আগেই এলাকার মুরুব্বিরা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী আমজদ তালুকদার ও নলিউর রহমান উভয়েই পরাজিত হন। সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। গোপালগঞ্জ : জেলার সদর উপজেলার সাতপাড় ইউনিয়নে উত্তর ভেন্নাবাড়ি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বুধবার সকাল সাড়ে ৯টায় ২৩৬টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। এতে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ভোটাররা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। মঙ্গলবার সাতপাড় ইউনিয়নসহ সদর উপজেলার ২১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মতিন বলেন, ব্যালট পেপারগুলোতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অরবিন্দু সরকারের সিল ও স্বাক্ষর রয়েছে। এ ব্যাপারে থানায় বুধবার দুপুরে অভিযোগ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যালট পেপারগুলো নির্বাচন কমিশন কাযালয়ে পাঠানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬৪০ ঘ.