মৌলভীবাজার, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক ওষুধের দোকান কর্মচারী এবং শ্রীমঙ্গল উপজেলায় এক চা শ্রমিককে খুন করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাতে এ দুটি ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কুলাউড়া থানার ওসি কামরুল হাসান বুধবার সাংবাদিকদের জানান, শহরের লাবণী ফার্মেসির কর্মচারী অরবিন্দু চক্রবর্তী ৩৫) প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে পেছনের কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার বেলা ১১টা পর্যন্ত অরবিন্দু দোকান না খোলায় মালিকের সন্দেহ হয়। এরপর তিনি পুলিশে খবর দেন।
হত্যাকারীরা দোকানের ছাদ ভেঙে ঘরে ঢুকে অরবিন্দুকে হত্যা করে বলে ওসি জানান। তার বাড়ি চুনারুঘাট উপজেলায়।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওদিকে শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ সাংবাদিকদের জানান, উপজেলার রাজঘাট ইউনিয়নের নাহার পুঞ্জিতে পান বাগানের পাহাড়াদারের দায়ের কোপে আহত অমর আম্বলীক দাস (২৫) মারা গেছেন।
ওসি জানান, অমর পান চুরি করতে গেলে এ ঘটনা ঘটে।
প্রথমে অমরকে শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
অমর রাজঘাট ইউনিয়নের হরিণ ছড়া চা বাগানের হরি আম্বলীক দাশের ছেলে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৩ ঘ.
bdnews24