ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর-ন্যায়পাল কার্যালয়ের কার্যক্রম স্থগিত করতে কর-ন্যায়পাল (রহিতকরণ) বিল-২০১১-এর স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বিলটির প্রতিবেদন উত্থাপন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহম মুস্তফা কামাল।
গত ১৪ মার্চ এই বিলটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়
বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, কর-ন্যায়পাল কার্যালয়ের জন্য প্রণীত আইন ও বিধিমালা এবং কর সংক্রান্ত আইনগুলোর মধ্যে সাংঘর্ষিক বিষয় থাকায় এবং কর ন্যায়পাল আইন ও বিধিমালার আওতায় সুপারিশ বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকায় কার্যালয়টি মূলতঃ অকার্যকর হয়ে পড়েছে।
অথচ কর-ন্যায়পাল কার্যালয়ের জন্য ২০০৯-১০ অর্থ বছরের সংশোধিত বাজেটে এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। যে কারণে কর-ন্যায়পাল কার্যালয়টি কর প্রশাসনের অপশাসন দূর করার পরিবর্তে একটি ব্যয়সাধ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অন্যদিকে রাজস্ব আদায়ের বিষয়ে আপীল কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে। বিকল্প বিরোধ মিমাংসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই কর-ন্যায়পাল আইন-২০০৫ রহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিলটিতে বলা হয়, কর-ন্যায়পাল কার্যালয়ের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও গচ্ছিত অর্থ এবং অন্য সব সম্পদ, দলিল-দস্তাবেজ ইত্যাদি সরকারের অনুকূলে ন্যস্ত হবে।
কর-ন্যায়পাল কার্যালয়ের সব দায়-দেনা সরকারের ওপর বর্তাবে। কার্যালয়ের অধীনে অনিষ্পন্ন সব অভিযোগ, তদন্ত ও সাক্ষ্য বাতিল হবে। কর-ন্যায়পাল কার্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মরত কর্মচারীরা বিধি মোতাবেক আত্মীকৃত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৩৫ ঘ.
bdnews24