ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক পর্যায়ে' সিদ্ধান্তের আগে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি নন ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও।
মঙ্গলবার ভারত-বাংলাদেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের দিনব্যাপী বৈঠকের পর সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে নিরুপমা বলেন, "এটা খুবই স্পর্শকাতর বিষয়। এই চুক্তির কাঠামো কী হবে, অথবা বাংলাদেশ এ চুক্তি অনুযায়ী কতোটুকু পানি পাবে- তা নিয়ে আমি এখনই কথা বলতে চাই না।"
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ভারতীয় সচিব বলেন, "নয়া দিল্লিতে দুই দেশের পানিসম্পদ সচিব পর্যায়েও একটি বৈঠক হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক পর্যায়ে ঐকমত্য হলেই আমরা প্রকাশ্যে আলোচনা করতে পারি।"
"চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে হলে আমাদের কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা চুক্তির জন্যই কাজ করছি," যোগ করেন নিরুপমা।
মিজারুল কায়েস বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বৈঠকে যথেষ্ট অগ্রগতি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়। দুই দেশের ৯ জন করে প্রতিনিধি এতে অংশ নেন। বিকেলে জানানো হয়, সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলন করে বৈঠকের অগ্রগতি জানানো হবে।
এরপর বেলা সাড়ে ৩টার দিকে নিরুপমা রাওয়ের নেতৃত্বে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে।
আঞ্চলিক যোগাযোগ
সংবাদ সম্মেলনে নিরুপমা বলেন, নেপাল ও ভুটান যদি ভারতীয় ভূখণ্ডের ওপর দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চায়, তাহলে ভারত তাতে আপত্তি করবে না।
"নেপাল ও ভুটানের পণ্যবাহী ট্রাককে বাংলাবান্ধা সীমান্তের ২০০ গজ ভেতর পর্যন্ত আসতে দেবে ভারত।"
তবে এ বিষয়টির খুঁটিনাটি চূড়ান্ত করতে আরেকটি চুক্তি করতে হবে বলে মন্তব্য করেন মিজারুল কায়েস।
"এটা কেবল দুই দেশের বিষয় নয়, এর সঙ্গে অন্যান্য দেশের স্বার্থও জড়িত। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটনকে সংযুক্ত করার বিষয়ে একটি পরিকল্পনা দাঁড় করাতে কাজ করছি আমরা।"
বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ চুক্তির উদাহরণ টেনে মিজারুল বলেন, "এর সঙ্গে নেপালকে যুক্ত করতে চাইলে ওই চুক্তিতে তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে।"
বাংলাাদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের মাশুল (ট্রানজিট ফি) নির্ধারণে কাজ চলছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, বিষয়টি চূাড়ন্ত হলেই বিস্তারিত জানানো যাবে।
ভারতীয় ঋণে প্রকল্পের অনুমোদন
নিরুপমা জানান, ১০০ কোটি ডলার ঋণচুক্তির আওতায় বাংলাদেশ যেসব প্রকল্প প্রস্তাব দিয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি ইতোমধ্যে চড়ান্ত করেছে ভারত।
"বাস, রেলওয়ে লোকোমোটিভ, ওয়াগন আর ইঞ্জিন কেনার প্রস্তাবের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বাকি প্রকল্পগুলোর বিষয়েও আগামী কয়েক মাসের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে।"
গত বছর ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের সময় করা ওই চুক্তিতে বলা হয়, ভারতের ঋণের টাকায় এসব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ৮৫ ভাগ লোকবল ও সরঞ্জাম ভারতের কাছ থেকে কিনতে হবে।
চুক্তির এই অংশটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নিরুপমা বলেন, "এ বিষয়ে কোনো মতদ্বৈততা থাকলে অবশ্যই আলোচনা করা হবে।"
মিজারুল কায়েস বলেন, ওই ঋণের আওতায় কয়েকটি চুক্তির বিষয়ে ভারত সরকার ইতোমধ্যে সবুজ সংকেত দিয়েছে। বাকিগুলোর বিষয়েও শিগগিরই ফয়সালা হবে।
সমুদ্রসীমা নিয়ে বিরোধ
পররাষ্ট্র সচিব কায়েস বলেন, বঙ্গপোসাগরের জলসীমা নিয়ে বিরোধ নিস্পত্তি হওয়ার আগ পর্যন্ত ওই এলাকায় সব ধরনের খনিজ অনুসন্ধান বন্ধ থাকবে।
তিনি বলেন, "বাংলাদেশ এ বিষয়টির নিস্পত্তির জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে গেছে। পাশাপাশি ভারতের সঙ্গেও আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।"
সমুদ্র সীমা নির্ধারিত হয়ে গেলেই বাংলাদেশ ও ভারত যার যার অংশে খনিজ সম্পদ আহরণ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
মনমোহনের বাংলাদেশ সফর
ভারতের প্রধানন্ত্রী মনমোহন সিং কবে বাংলাদেশ সফরে আসছেন, তাও প্রকাশ করতে রাজি হননি দেশটির পররাষ্ট্র সচিব।
"সফরের তারিখ বলে দেওয়াটা মোটেও পেশাদরিত্বের কাজ হবে না। সঠিক কূটনৈতিক চ্যানেলেই এই সফরের তারিখ জানানো হবে।"
ওই সফরের লক্ষ্য কী হবে জানতে চাইলে নিরুপমা বলেন, "এটা বলা খুব কঠিন, তবে কয়েকটা ঐতিহাসিক চুক্তি হবে ওই সময়।"
ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকে ফলপ্রসূ করতে দুই দেশের সরকারই কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন এই আমলা।
সীমান্তে বাংলাদেশি হত্যা
দুই দেশের সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যা বন্ধে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ডস অব বাংলাদেশ (বিজিবি) একসঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেন নিরুপমা রাও।
তিনি বলেন, "আমরা সহিংসতার বিপক্ষে। প্রাণঘাতী নয়, এমন অস্ত্র বিএসএফ সদস্যদের হাতে দেওয়ার একটি পরিকল্পনা আমাদের রয়েছে। সীমান্তে কারফিউও দেওয়া হতে পারে।"
সীমান্ত বিরোধ
নিরুপমা বলেন, বাংলাদেশ-ভারত সীমানা রেখা নিয়ে বিরোধ নিস্পত্তিতে দুই দেশের কর্মকর্তারাই কাজ করে যাচ্ছেন।
"সীমানা নির্ধরণে যৌথ কমিটি গত নভেম্বরে নয়া দিল্লিতে তাদের চতুর্থ বৈঠক করেছে। বৈঠকে যে অগ্রগতি হয়েছে তাকে দুই দেশই স্বাগত জানিয়েছে।"
মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরেও এ বিষয়ে আলোচনা হবে কি-না জানতে চাইলে নিরুপমা বলেন, "আমি খুবই আশাবাদী।"
বাংলাদেশ ও ভারত সন্ত্রাস দমনেও একসঙ্গে কাজ করছে জানিয়ে ভারতীয় সচিব বেলন, "দুই দেশের জন্যই হুমকির ধরনটা এক। অভ্যন্তরীণ বা বহিরাগত কাউকেই নিজেদের ভূখণ্ড ব্যবহার করে শান্তির প্রতি হুমকি সৃষ্টির সুযোগ না দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ও ভারত একমত।"
বৈঠক প্রসঙ্গে
মিজারুল কায়েস বলেন, ঢাকায় মঙ্গলবারের এই বৈঠক কেবল আনুষ্ঠানিকতা ছিল না। দুই দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রেও এ বৈঠক ছিল গুরুত্বপূর্ণ।
"প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় যৌথ সংবাদ সম্মেলনে যেসব ঘোষণা এসেছিল, সেগুলোর বাস্তবায়নের মাধ্যমে এই সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আবারো একমত হয়েছি আমরা।"
অন্যদিকে নিরুপমা বলেন, সহযোগিতার সীমা অসীম।
আগামী দিনগুলোতে সহযোগিতার আরো নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের আমন্ত্রণে সোমবার ঢাকায় আসেন নিরুপমা রাও। বৈঠক শেষে বুধবার তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২২৫৬ ঘ.
bdnews24