২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৮ জনের জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে জয়পুরহাট ও ময়মনসিংহে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে জয়পুরহাট ও ময়মনসিংহে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থী ও তিন তার সমর্থক এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক চেয়ারম্যান প্রার্থী ও তার তিন সমর্থককে জরিমানা করা হয়েছে। সোমবার এসব জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- জয়পুরহাট: জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নের নির্বাচন মঙ্গলবার। নিয়ম অনুযায়ী রোববার রাত ৯টার পর থেকেই সকল প্রচার কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু সোমবার সকালে চেয়ারম্যান প্রার্থী নিখিল চন্দ্র মণ্ডল তার ৩ সমর্থককে নিয়ে বনখুর গ্রামে প্রচারণা চালান। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্রনাথ চন্দ্র জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নিখিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তার সমর্থক নাহিদ হোসেন, শফিকুল ইসলাম ও আল হেলালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। নিখিল ১০ হাজার টাকা জারিমানা দিয়ে খালাস পান। তার ওই তিন সমর্থককে কারাগারে পাঠানো হয়েছে। ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেককে ২০ হাজার টাকা ও তার তিন সমর্থক চান মিয়া, মজনু খান ও আব্দুল হাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুকুন উদ্দিন জানান, সোমবার দুপুরে ফুলবাড়িয়া ইউনিয়নের চৌদার সড়কে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার অপরাধে এই জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৩৬ ঘ.