ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি এলাকা ৯ অক্টোবর পর্যন্ত স্থিতাবস্থায় রেখে সীমানা নির্ধারণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
একটি আপিল আবেদনের (লিভ টু আপিল) প্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
বধ্যভূমির সীমানা নির্ধারণের জন্য একটি কমিটি করারও নির্দেশ দিয়েছে আদালত। ওই কমিটিতে বাদী ও বিবাদীপক্ষের প্রতিনিধি রাখতে বলা হয়েছে।
বর্তমানে ওই জমিটি ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) মালিকানায় রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, "মুক্তিযুদ্ধের সময় পাহাড়তলীতে শত শত মানুষকে গণকবর দেওয়া হয়। ১৯৯৯ সালে ওই বধ্যভূমির স্মৃতি রক্ষার্থে তৎকালীন সরকার জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়। এই প্রকল্পের জন্য ৯৪ লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়। পরবর্তীতে চারদলীয় জোট সরকার প্রকল্পটি বাতিল করে।"
সরকারের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে অধ্যাপক জাফর ইকবাল, মুনতাসির মামুন ও মিলি রহমানসহ কয়েকজন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ২০০৯ সালের ১৬ জানুয়ারি আদালত ওই রিটের নিষ্পত্তি করে দেয়। নিষ্পত্তির আদেশে বলা হয়, সরকার চাইলে জমিটি অধিগ্রহণ করতে পারে।
ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেন জাফর ইকবালরা। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামকে এতে বিবাদী করা হয়।
আপিল আবেদনের শুনানিতে মনজিল মোরসেদ বলেন, "পাহাড়তলী বধ্যভূমির সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী এই সব স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের।"
বিবাদীপক্ষের আইনজীবী মাহমুদুল ইসলাম বলেন, "ওই জায়গায় বর্তমানে ইউনির্ভাসিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম নামে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এটা তাদের কেনা সম্পদ। তাই ওই জমিকে বধ্যভূমি ঘোষণার সুযোগ নেই।"
সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে ওই বধ্যভূমি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাই এর সংরক্ষণ প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/২০০৭ ঘ.
bdnews24