চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূষণের জন্য চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ডুবে যাওয়া অয়েল ট্যাংকার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার কর্ণফুলী নদী দূষণের অপরাধে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন।
একইসঙ্গে দূষণের জন্য দায়ী জাহাজ 'ও টি মুন'কেও জব্দ করা হয়েছে।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেল সরবরাহকারী জাহাজটি ডুবে যাওয়ায় এর তেল পড়ে কর্ণফুলী নদীর পানি দূষণ এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয়েছে যা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে।
"এ জন্য জাহাজের মালিক প্রতিষ্ঠান ইস্টার্ন বাংকার সার্ভিসের মালিককে দুপুরে চট্টগ্রাম অধিদপ্তর কার্যালয়ে ডেকে এনে জরিমানা করা হয়।"
তেল দূষণের ফলে কর্ণফুলী নদীর আনুমানিক ৫০ হাজার বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্থ হওয়ার প্রমাণ মিলেছে বলে তিনি জানান।
এছাড়া ডুবে যাওয়া জাহাজ মালিকের নিজস্ব ব্যয়ে পরিবেশসম্মতভাবে তা উদ্ধার করতে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বরাবরে চিঠিও পাঠানো হয়েছে।
ডলফিন জেটিতে শনিবার রাত সাড়ে ১১টায় জ্বালানি তেল পরিবহনের সময় ও টি মুন ডুবে যায়। ধারণা করা হচ্ছে অধিক তেল পরিবহনের কারণে ট্যাংকারটি ডুবে গেছে। সোমবার সকাল থেকে জাহাজটি উদ্ধার প্রক্রিয়া শুরু করে মালিকপক্ষ।
মুনীর চৌধুরী জানান, নদীর পানির নমুনা রাসায়নিক পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন মাত্রা ৩ দশমিক ৪ মিলিগ্রাম/লিটার পাওয়া গেছে যা আদর্শ মাত্রার চেয়ে শূন্য দশমিক ৬০ ভাগ কম। যা জলজ প্রাণীর জন্য ধ্বংসাত্মক।
এছাড়া নদীর পানির নমুনা পরীক্ষা করে প্রতি লিটার পানিতে তেল ও গ্রীজ পাওয়া যায় ২৫ মিলিগ্রাম/লিটার, যা পরিবেশ ও প্রতিবেশের জন্য বিপজ্জনক।
১৯৯৮ সালে নির্মিত ৮৫ ফুট দৈর্ঘ্যরে ও টি মুন নামক জাহাজটির সার্ভে সনদের মেয়াদ এ বছরের ১১ মে শেষ হয়ে গেছে উল্লেখ করে মুনীর চৌধুরী জানান, এটি অবৈধভাবে চলাচল করছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯২৪ ঘ.
bdnews24