২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মুদ্রিত সংবিধানে বিসমিল্লাহ: চ্যালেঞ্জ করে রিট আবেদন

পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধানে বিসমিল্লাহর অন্তর্ভুক্তি এবং আপিল বিভাগের সাবেক বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারে নিয়োগ নিষিদ্ধ করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধানে বিসমিল্লাহর অন্তর্ভুক্তি এবং আপিল বিভাগের সাবেক বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারে নিয়োগ নিষিদ্ধ করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিস্টার মো. আব্দুল হালিম গত বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও মো. শওকত হোসেনের বেঞ্চে এই রিট আবেদন করেন। হালিমের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সোমবার আবেদনটি শুনানির জন্য উত্থাপন করেন। সরকারপক্ষ সময়ের আবেদন করায় আদালত আগামী ১৩ জুন এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছে। পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তবনার ফুটনোট-১, ৩৮ অনুচ্ছেদ ও এর ফুটনোট-১ এবং ৯৯ অনুচ্ছেদ এবং এর ফুটনোট-৩ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- সে বিষয়ে রুল জারির আবেদন করেছেন ব্যরিস্টার হালিম। একইসঙ্গে পুনর্মুদ্রিত সংবিধানের এসব অনুচ্ছেদের কার্যকারিতা স্থগিত করারও নির্দেশনা চেয়েছেন তিনি। আইন সচিব, আইন মন্ত্রণালয়ের জাস্টিস উইংয়ের সচিব ও লেজিসলেটিভ এন্ড ড্রাফটিং উইংয়ের সচিবকে বিবাদী করে এই রিট আবেদনে ১০ ফেব্র"য়ারি মুদ্রিত বা পুনর্মুদ্রিত সংবিধানের মূল কপি সরবরাহের জন্য নির্দেশনা চেয়েছেন হালিম। রিট আবেদনে বাদী বলেছেন, "পুনর্মুদ্রিত সংবিধানে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বিসমিল্লাহকে মার্জনা করেছে এবং প্রস্তাবনার উপরে বিসমিল্লাহ বহাল রাখা হয়েছে। কিন্তু এই অংশটুকু সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। কারণ পঞ্চম সংশোধনী মামলার রায়ের কোথাও বিসমিল্লাহকে মার্জনা করা হয়নি। "মূল সংবিধানের ৩৮ অনুচ্ছেদে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু পুনর্মুদ্রিত সংবিধানে ওই অনুচ্ছেদ বহাল রাখার পাশাপাশি বিসমিল্লাহকে রেখে দেওয়া পরস্পরবিরোধী। "পুনর্মুদ্রিত সংবিধানের ৯৯ অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হতে পারবেন না। এ ধরণের কোনো কথা পঞ্চম সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেনি। এই অন্তর্ভুক্তি আদালতের রায় এবং সংবিধানের ৫৮ অনুচ্ছেদের পরিপন্থী।" ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে। ২০১০ সালের ২ ফেব্র"য়ারি আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ হাইকোর্টের রায় বহাল রাখে। ওই রায়ের আলোকে গত ১০ ফেব্র"য়ারি সংবিধান পুনর্মুদ্রণ করা হয়। সরকার পরে আপিল বিভাগের রায়ের কিছু অংশ প্রত্যাহারের আবেদন করলে সুপ্রিম কোর্ট ১১ মে জানায়, সামরিক শাসনামলে জারি করা বিদ্যমান আইনি বিষয়গুলো নিয়ে সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে। পঞ্চম সংশোধনী বিষয়ে আপিল বিভাগের রায়ের পর গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনের জন্য ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করে সরকার। নিজেরা বৈঠকের পর সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট জন এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে কমিটি একটি খসড়াও চূড়ান্ত করেছে। বুধবারের মধ্যে তা সংসদে উপস্থাপন করার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭০৮ ঘ.