মৌলভীবাজার, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মৌলভীবাজারে লংলা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার ভোর রাতে কুলাউড়া রেল থানা পুলিশ লংলা রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে রেল লাইনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
কুলাউড়া জিআরপি থানার ওসি বাবুল সিং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ধারণা করছে ঢাকা বা চট্টগ্রামমুখী রাতের কোন ট্রেনের ছাদে তিনি ভ্রমন করছিলেন। সেখান থেকে পড়ে গিয়ে সম্ভবত তার মৃত্যু হয়েছে।
তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭০২ ঘ.
bdnews24