২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের প্রভাব আদালতে-সচিবালয়ে

হরতালের কারণে সুপ্রিম কোর্ট ও ঢাকার আদালতে বিচার কাজ ছিলো প্রায় বন্ধ। ঢিলেঢালাভাব ছিলো সচিবালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কারণে সুপ্রিম কোর্ট ও ঢাকার আদালতে বিচার কাজ ছিলো প্রায় বন্ধ। ঢিলেঢালাভাব ছিলো সচিবালয়ে। আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থক আইনজীবীরা মিছিল করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামী রোববার এ হরতাল ডাকে। সকাল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচার কাজ না চললেও প্রশাসনিক ভবনে যথারীতি কাজ চলে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আদালতে এলেও বিচার কাজে অংশ নেননি। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকাল সোয়া ৯টার দিকে আপিল বিভাগে আসেন। বিচার কার্যক্রম না চলায় তিনি তার কার্যালয়ে ফিরে যান। সরকার সমর্থক অনেক আইনজীবী, সরকারের আইন কর্মকর্তা এবং সাধারণ বেশ কিছু আইনজীবীকেও আদালত অঙ্গনে দেখা গেছে। সকাল ১০টার দিকে জামায়াত সমর্থক আইনজীবী সংগঠন বাংলাদেশ ইসলামিক ল'ইয়ার্স কাউন্সিলে ৬-৭জন সদস্য হরতালের সমর্থনে একটি ব্যানার নিয়ে বার ভবনের সামনে অবস্থান নেন। সোয়া ১০টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিএনপি সমর্থক একদল আইনজীবী মিছিল বের করেন। জামায়াত সমর্থকরাও এ সময় তাদের সঙ্গে যোগ দেন। মিছিলটি আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। পরে তারা সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ভেতরেই সমাবেশ করেন। সমাবেশে খন্দকার মাহবুব বলেন, দেশের মানুষ কোনোভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচন মানবে না। নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। পুরান ঢাকায় আদালত প্রাঙ্গণের প্রতিদিনের ব্যস্ত চিত্র দেখা যায়নি। বিচারকরা এলেও বেশিরভাগ মামলায়ই সময়ের আবেদন হয়। আর বিচারকরাও তাতে সায় দিয়ে যান। হরতালের সমর্থনে আদালতপাড়ায় মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিলো খুবই কম। কাজ চলছে ঢিমেতালে। অধিকাংশ মন্ত্রী সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের অনুষ্ঠানে যোগ দেয়। এরপর অধিকাংশ মন্ত্রীদের আর সচিবালয়ে দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিবি/এসএন/ এআরআর/এমআই/১৪৪০ ঘ.