২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম খান আর নেই

ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন পপগুরু আজম খান। রোববার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 05:30 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন পপগুরু আজম খান। রোববার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয়েছে তার। সিএমএইচের চিকিৎসক কর্নেল ডা. আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ১০টা ২০ মিনিটে মারা যান আজম খান। ক্যান্সারাক্রান্ত আজম খানের বয়স হয়েছিলো ৬১ বছর। তাকে কয়েকদিন আগেই স্কয়ার হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়। আজম খানের দীর্ঘদিনের বন্ধু ফকীর আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আজম খানের মরদেহ সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে কমলাপুরে শিল্পীর বাড়িতে। জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে জানাজা হবে। এরপর বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্তানে প্রয়াত শিল্পীকে সমাহিত করা হবে বলে ফকীর আলমগীর জানান। আজম খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধে আজম খানের অবদানের কথাও স্মরণ করেন তিনি। আজম খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও। ব্যান্ড দল উচ্চারণ গড়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশকারী আজম খানের মুখগহ্বরের ২০১০ সালে ক্যান্সার ধরা পড়ে। এ জন্য দুবার তাকে সিঙ্গাপুরে নিয়েও চিকিৎসা করানো হয়। তবে গত নভেম্বরে সিঙ্গাপুরে শেষ বারের চিকিৎসা সম্পূর্ণ না করেই আজম খান ফিরে আসেন। শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়ায় আজম খানের শারীরিক অবস্থার উন্নতির কোনো আশা দিতে পারেননি চিকিৎসকরা। নয় দিন আগে আজম খানের অবস্থার অবনতি ঘটে। সে দিন থেকেই স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বাংলাদেশে পপ সঙ্গীতের এই অগ্রপথিককে। পরে নেওয়া হয় সিএমএইচে। ১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি ঢাকার আজিমপুরে জন্ম নেওয়া মাহবুবুল হক খান সঙ্গীতাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন আজম খান নামে। ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এ সঙ্গীত শিল্পী স্বাধীনতা পরবর্তী সময়ে গঠন করেন ব্যান্ড দল 'উচ্চারণ'। বাংলাদেশ টেলিভিশনে তার প্রথম কনসার্ট প্রচারিত হয় ১৯৭২ সালে। ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনে 'রেললাইনের ওই বস্তিতে' গেয়ে স্থান করে নেন বাংলার মানুষর হৃদয়ে। বাংলাদেশে পপ সঙ্গীতের জনপ্রিয়তা আজম খানের হাত ধরেই। দেশে এ জগতে কিংবদন্তী মনে করা হয় তাকে। আজম খানের কণ্ঠে 'ওরে সালেকা, ওরো মালেকা', 'আলাল ও দুলাল', 'অনামিকা', 'অভিমানী, 'আসি আসি বলে' গানগুলো এখনো ফেরে মানুষের মুখে মুখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএস/এআরআর/এমআই/১১৩০ ঘ.