২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার দাবিতে ডাকা হরতালের সমর্থণে নারায়ণগঞ্জ জেলা বিএনপি মিছিল বের করতে পারেনি। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

নারায়ণগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার দাবিতে ডাকা হরতালের সমর্থণে নারায়ণগঞ্জ জেলা বিএনপি মিছিল বের করতে পারেনি। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় জেলা বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতাকর্মীরা বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলের জেলা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। সেখানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা জামাল উদ্দিন কালু, শহর বিএনপির সাধারণ সম্পাদক টিএম কামাল, সুরুজ্জামান, হাজী শাহীন, জেলা যুবদল সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, নুরুল হক চৌধুরী দিপু। সমাবেশ শেষে তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির নেতাকর্মীরা দোকানের ভেতর আশ্রয় নিলে পুলিশ সেখানেও তাদেরকে লাঠিপেটা করে। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। লাঠিপেটায় তৈমুর আলম খন্দকার ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ১০ জন আহত হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, শহর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রশিদুর রহমান রুশো, মহানগর যুবদল নেতা জুয়েল প্রধান, আল মামুন, পৌর ৫ নং ওয়ার্ড যুবদলের নেতা রাসেল আহম্মেদ মনির ও বিএনপি কর্মী সামছুর রহমান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সড়কে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/০০০২ ঘ.