জামালপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন।
শনিবার দুপুর পৌনে ২ টার দিকে ইউনিয়নের রণরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
ছিনতাইকারীদের হাত থেকে বালট পেপার রক্ষা করতে গিয়ে দুই পোলিং অফিসার আহত হয়েছেন।
শরিফপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান জানান, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকরা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পোলিং অফিসার আজমিরা বেগম ও মনিরা বেগমকে মারধর করে ব্যালট পেপার ও সিল ছিনতাই করে।
এসময় তারা বেশ কিছু ব্যালট বই ছিড়ে ফেলে।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কেন্দ্রটিতে ভোট স্থগিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮৫৮ ঘ.
bdnews24