২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়া বন্ধ করতে গিয়ে হামলার শিকার হলেন কর্মকর্তারা

যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধ করতে গিয়ে আয়োজকদের হামলার শিকার হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কয়েকজন সরকারি কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

সিরাজগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধ করতে গিয়ে আয়োজকদের হামলার শিকার হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কয়েকজন সরকারি কর্মকর্তা। এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ওই গ্রামে গত ১৫/২০ দিন ধরে যাত্রার আয়োজন করা হচ্ছে। সেখানে চলছে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ ও কয়েকজন সরকারি কর্মী ওই এলাকায় যান। প্রশাসনের গাড়ী দেখে যাত্রার আয়োজকরা সব সরঞ্জাম ফেলে সটকে পড়ে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ফেরার পথে আয়োজকদের মধ্য থেকে ৩/৪ জন লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা প্রশাসনের ৩ পিয়ন শরিফুল ইসলাম, লালন ও মোস্তফা আহত হয়। হামলাকারীদের লাঠির আঘাতে লালনের মাথা ফেটে যায় এবং হাত ভেঙ্গে যায়। তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ইউএনও। শাহজাদপুর থানার ওসি রশিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসনের সকলকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে। এ সময় আয়োজকদের অন্যতম ওয়াহাব মাস্টারকে আটক করা হয়। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও তাকে ২ বছরের কারাদণ্ড দেন। এ ঘটনায় শনিবার দুপুরে ইউএনও কার্যালয়ের পিয়ন শরিফুল ইসলাম আয়োজকদের ৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮১৬ ঘ.