গাইবান্ধা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে প্রার্থী হতে না পেরে একজন 'সাজাপ্রাপ্ত আসামি' গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা (রিটার্নিং কর্মকর্তা) শরিফুল আলমের কার্যালয়ে এ হামলা হয়।
ধাপেরহাট ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শরিফুল আলম বলেন, একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় গত ২৫মে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ খানের মনোয়নপত্র বাতিল করা হয়। পরে গত ৩০ মে জেলা নির্বাচন কর্মকর্তা কাছে আপিল করলে তিনিও তা খারিজ করে দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরো বলেন, শুক্রবার ছিল প্রতীক বরাদ্দের দিন। বিকাল সোয়া ৩টার দিকে হাইকোর্টে ওই প্রার্থীর সাজার আদেশ স্থগিত ঘোষণা করা হয়েছে মর্মে একটি প্রত্যায়নপত্র এনে তার কাছে দাখিল করেন জনৈক এক ব্যারিস্টারের কাছ থেকে।
কিন্তু হাইকোর্টের রায়ের মূলকপি দাখিল না করায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা সম্ভব নয় জানানো হয়।
এরপরই আব্দুর রশিদ খান তাকে গালাগাল দেন এবং তার লোকজন সমাজসেবা কার্যালয় ভাংচুর করে।
পরে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় মামলা হয়নি বলে জানান তিনি।
আগামী ১৮ জুন সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24