সিলেট, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহসড়কের ওসমানীনগর এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ শাহিনূর ইসলাম বলেন, বিকেল ৩টার দিকে ওসমানীনগরের রাজাপুরে সিলেটগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ প্রাইভেট কারের সব আরোহী নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও সন্ধ্যায় আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, নিহতদের সবাই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
নবীগঞ্জ বাজারের ফিশারি ও পরিবহন ব্যবসায়ী ইয়াহিয়া খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরোহীরা সবাই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গ্রাম এবং প্রাইভেট কার চালক একই ইউনিয়নের রমজানপুর গ্রামের বাসিন্দা।
তারা হলেন- সুজন উদ্দিন (৩৮), হবিব উদ্দিন (৩২), হানিফ উদ্দিন (২৭), সালাউদ্দিন (৩০), হৃদয় (৩), সীমা (৭), রিতা (১৬) এবং চালক আনোয়ার মিয়া (২৫)।
ইংল্যান্ড প্রবাসী হবিব উদ্দিনকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান ইয়াহিয়া।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিলেট-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৯৪৫ ঘ.
bdnews24