টাঙ্গাইল, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারিক হাকিম মো. খালিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ফলদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ বাদল ও সেলিমুজ্জামান সেলু এবং সদস্য পদপ্রার্থী মো. মনসুর রহমান ও অকুব আলীকে এ জরিমানা করা হয়।
ভূঞাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, উপজেলার ফলদা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একাধিক মাইক ব্যবহারের অপরাধে চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ বাদল ও একই অপরাধে অপর চেয়ারম্যান প্রার্থী সেলিমুজ্জামান সেলুকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মো. মনসুর রহমানকে অনুমোদহীন পোস্টার ব্যবহারের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী অকুব আলীকে নির্বাচনী প্রতীকে একাধিক রং ব্যবহারের অপরাধে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ওসি জানান, প্রার্থীরা জরিমানা দিয়ে খালাস পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৯ ঘ.
bdnews24