ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, স্বার্থান্বেষী মহলের চাপে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হলে দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, ২০১১-১২ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ রাখার বিষয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে টিআইবি উদ্বিগ্ন।
'দুর্নীতিগ্রস্ত প্রভাবশালীদের কারণে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত মানুষ কালো টাকার মালিকদের দ্বারা আরো প্রতারিত হয়ে এই বাজার থেকে ক্রমান্বয়ে উৎখাত হবেন। ফলে পুঁজিবাজারে সুস্থ প্রতিযোগিতার সম্ভাবনা দূরীভূত হবে।'
ইফতেখারুজ্জামান বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হলে সার্বিকভাবে বিনিয়োগের খাত দুর্নীতির বেড়াজালে আবদ্ধ হবে, যা অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে।
কালো টাকা সাদা করার বিধান নৈতিকভাবে অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক, রাজস্ব সংগ্রহের বিবেচনায় অর্থহীন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।
তিনি বলেন, কালো টাকার মালিকদের ক্রমাগত এ সুযোগ দেওয়ার মধ্য দিয়ে অবৈধভাবে অর্থ উপার্জনকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি সততা ও স্বচ্ছতার অবমূল্যায়ন করা হচ্ছে।
এই 'আত্মঘাতী' পদক্ষেপ থেকে সরে এসে কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৯৫৮ ঘ.
bdnews24