চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর এক গুদাম থেকে একশ মেট্রিক টন রপ্তানি নিষিদ্ধ চাল জব্দ করা হয়েছে।
বুধবার গভীর রাত ও বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।
নগরীর সিটি গেইট এলাকার গোল্ডেন কন্টেইনার ডিপো নামের ওই গুদাম থেকে বুধবার রাতে ৪০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এর মধ্যে ২০ টন চিনি গুঁড়া এবং ২০ টন মিনিকেট সেদ্ধ চাল রয়েছে। বুধবার রাত ২টার দিকে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের ঢাকার একটি বিশেষ দল এ অভিযান চালায়।
বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রাম শুল্ক বিভাগের রপ্তানি শাখার গোয়েন্দা কর্মকর্তারা তিনটি কন্টেইনার ভর্তি রপ্তানি নিষিদ্ধ চিনি গুঁড়া চাল জব্দ করেন।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের সহকারী রাজস্ব কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিদপ্তরের ঢাকার রাজস্ব কর্মকর্তা শামসুল ইসলাম খান ও মনোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশেষ দল মো. মতিনের মালিকানাধীন গোল্ডেন কন্টেইনারে অভিযান চালায়। ওই সময় ২০-২৫ জন শ্রমিক কন্টেইনারে চাল ভর্তি করছিলো। তবে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
গোল্ডেন কন্টেইনার ডিপো থেকে এর আগেও দুটি কন্টেইনারে করে রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চাল পাচার হয়েছে বলে খবর রয়েছে বলে দাবি করেন তিনি।
২০০৮ সাল থেকে যেকোনো ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/পিডি/১৮৫০ ঘ.
bdnews24