২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ১৫টি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার চোর চক্র

সিএনজিচালিত অটোরিকশার চোরদের একটি চক্রের পাঁচ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ। উদ্ধার করেছে ১৫টি অটোরিকশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

গাজীপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজিচালিত অটোরিকশার চোরদের একটি চক্রের পাঁচ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ। উদ্ধার করেছে ১৫টি অটোরিকশা। গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার ও অটোরিকশাগুলো উদ্ধার করা হয় বলে গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সীগঞ্জের দিঘলী গ্রামের হাফেজ মো. আব্বাস মিয়া ওরফে বাবুল মোল্যা (৪০), মাদারীপুরের খাগদি গ্রামের মুজিবুর রহমান (৪৫), জিল্লু ফকির (৩৫), হালিম (৩০) ও সেলিম (২৮)। এর মধ্যে বাবুল চোর চক্রের হোতা বলে পুলিশ সুপার জানান। তিনি বলেন, "আরো ক'টি চোরাই স্কুটারের খবর জানা গেছে, তা উদ্ধারের চেষ্টা চলছে।" পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাতেন বলেন, নারায়ণগঞ্জ থেকে চুরি করা একটি অটোরিকশা বুধবার রাতে গাজীপুরে হস্তান্তরের সময় জোড়পুকুর এলাকায় বাবুল ও মুজিবুরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে গাজীপুর সদর উপজেলার ছায়াবিথী ও লক্ষ্মীপুরা, ঢাকার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অন্য তিন জনকে গ্রেপ্তার এবং ১৪টি চোরাই অটোরিকশা জব্দ করা হয় বলে তিনি জানান। পুলিশ সুপার বলেন, বাবুল মোল্যা সারা দেশে অটোরিকশা চোরদের নেটওয়ার্ক গড়ে তুলেছে। তারা যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে খুন করে কিংবা অচেতন করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, এরপর অটোরিকশার মালিককে চিহ্নিত করে তাকে ফোন করে একই অটোরিকশা আবার বিক্রি করা হতো। মালিক না পেলে নম্বরপ্লেট পরিবর্তন করে ওই অটোরিকশা বিক্রি করা হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৬ ঘ.