শেরপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবর্দী উপজেলায় চালকের সহকারীকে জবাই করে লেগুনা (শ্যালো ইঞ্জিনচালিত যান) নিয়ে পালানোর সময় তিনজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার রাতে উপজেলার টাকিলাকোড়া ইউনিয়নের গুপিকোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আহত সহকারী হেলাল মিয়াকে (২৫) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন- শেরপুর শহরের বাগবাড়ী এলাকার হুমায়ূন কবীর (২০), সদর উপজেলার মান্দাখালীর বিল্লাল হোসেন (২০) ও রেগুনা চালক গৌরীপুরের উজ্জ্বল মিয়া (২০)।
শ্রীবর্দী থানার ওসি মোস্তাফিজুর রহমান আটকদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার গাজীর খামার থেকে লেগুনাটি ভাড়া নিয়ে শ্রীবর্দী নিচ্ছিল হুমায়ূন কবীর ও বিল্লাল হোসেন। পথে লেগুনার সহকারী হেলাল মিয়াকে হত্যার উদ্দেশ্যে জবাই করে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে তারা।
ধারণা করা হচ্ছে, মালিকপক্ষের লোক হওয়ায় হেলাল মিয়া বাধা দেন। এতে তাকে জবাই করে হত্যার চেষ্টা করে তারা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৬ ঘ.
bdnews24