২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম খানকে সিএমএইচে স্থানান্তর

ক্যান্সার আক্রান্ত আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার আক্রান্ত আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। স্কয়ার হাসপাতালে আজম খানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কামরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জোনান, বুধবার রাত ১০টা ২৫ মিনিটে আজম খানকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। আজম খানের মেয়ে ইমা খান জানান, তার বাবাকে সিএমএইচে ভর্তি করে নেওয়া হয়েছে। এর আগে বিকেলে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করে এই শিল্পীকে স্থানান্তরের সিদ্ধান্ত জানায় তার পরিবার। গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ও টেলিভিশন উপস্থাপক হানিফ সংকেতও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডা. কামরুজ্জামান। শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়ায় গত শুক্রবার পপগুরু আজম খানের অবস্থার অবনতি ঘটে। সে দিন থেকেই তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান বলেন, "তার ক্যান্সার এমন পর্যায়ে পৌঁছেছে যে, চিকিৎসকদের পক্ষে এখন আর তেমন কিছু করার নেই। আমরা শুধু তার কষ্ট লাঘবের চেষ্টা করতে পারি।" আজম খানের চেস্ট রেডিওগ্রাফে দেখা গেছে, তার দুই ফুসফুসের ৭৫ শতাংশেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা বলছেন, এই পর্যায় থেকে তার আবার সুস্থ হয়েওঠার আশা কম। সিএমএইচে রাখা হলে আজম খানের চিকিৎসার খরচ কিছুটা কমে আসতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অসুস্থ এই শিল্পীকে দেখতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সে সময়ই ইমা খান তার বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ করেন। ব্যান্ড দল উচ্চারণ গড়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশকারী আজম খানের মুখগহ্বরের ২০১০ সালে ক্যান্সার ধরা পড়ে। এ জন্য দুবার তাকে সিঙ্গাপুরে নিয়েও চিকিৎসা করানো হয়। তবে গত নভেম্বরে সিঙ্গাপুরে শেষ বারের চিকিৎসা সম্পূর্ণ না করেই আজম খান ফিরে আসেন বলে ডা. কামরুজ্জামান জানান। ১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি ঢাকার আজিমপুরে জন্ম নেওয়া মাহবুবুল হক খান সঙ্গীতাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন আজম খান নামে। ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এ সঙ্গীত শিল্পী স্বাধীনতা পরবর্তী সময়ে গঠন করেন ব্যান্ড দল 'উচ্চারণ'। বাংলাদেশ টেলিভিশনে তার প্রথম কনসার্ট প্রচারিত হয় ১৯৭২ সালে। ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনে 'রেললাইনের ওই বস্তিতে' গেয়ে স্থান করে নেন বাংলার মানুষর হৃদয়ে। বাংলাদেশে পপ সঙ্গীতের জনপ্রিয়তা আজম খানের হাত ধরেই। দেশে এ জগতে কিংবদন্তী মনে করা হয় তাকে। আজম খানের কণ্ঠে 'ওরে সালেকা, ওরো মালেকা', 'আলাল ও দুলাল', 'অনামিকা', 'অভিমানী, 'আসি আসি বলে' গানগুলো এখনো ফেরে মানুষের মুখে মুখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/২২৫৩ ঘ.

এ সম্পর্কিত আরো খবর