ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানের মধ্যে দলীয় ও জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বুধবার বিকাল ৩টায় এ সম্মেলন হবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।
দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
তত্ত্বাবধায়ক ইস্যুতে কর্মসূচি ঘোষণা এ সংবাদ সম্মেলনে আসতে পারে বলে বিএনপির একাধিক নেতা আভাস দিয়েছেন।
সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না রাখার পক্ষে অবস্থানের কথা ইতোমধ্যে জানিয়েছে সরকারি দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, আদালতের রায়ের পর তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা রাখার আর সুযোগ নেই।
সরকারি দলের অবস্থান জানার পর মঙ্গলবারই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর চারদলীয় জোট শরিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "সরকারের এ সিদ্ধান্ত গণতন্ত্র ধ্বংস করার একটি মহাপরিকল্পনা। এটি প্রকৃতপক্ষে এক দলীয় শাসন প্রতিষ্ঠার নীল নকশা। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা বহুগুণ বেড়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১২০ ঘ.
bdnews24